রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

যুক্তবর্ণা


আপনি
যুক্তবর্ণ পছন্দ করেন না!
‘বন্ধন’
শব্দটিকে লেখেন
এইভাবে : ব ন্ ধ ন্!…
মুক্তবর্ণের শব্দমালায় নতুন বিন্যাসে রচনা করেন
বাকের বিভূতি, প্রেম!...
আর
আমার সহজাত টান, যুক্তবর্ণে...
বন্ধনে...
যেমন, ন্ধ!…
এইখানে… বর্ণে বর্ণে মাখামাখি, একে অপরের উপর
চেপে থাকা… 
বলছে, পড়ো, মিথুনের ভাষা! (...)
চোখ
চলে যায়
খাজুরাহো, টেরাকোটা, কোণার্কে…
দৃশ্যের হৃদয়ে শৈলী, কলা
পাঠের আনন্দে নেচে ওঠা মন, রিনিঝিনি শিহরণে
টের পায়
সৃজনের শরীরচেতনা!...
এখানেই আমি চির সনাতন!
যুক্তবর্ণা
আমাকে তাগাদা দেয় যূথচারিতার দিকে!...
যুক্তবর্ণার শরীরচেতনায়
তাহাকেই পেতে স্বাদ জাগে(!)...


শতনেত্রা / উপমার আনারস



শতনেত্রা উপমার আনারস

....................................../
আহা/
যদি আনারস হতাম/
অনেক চোখের/ অপার দর্শনে/ অপার সৌন্দর্য্যে/
দেখতাম আপন পৃথিবী/…
চলছে সাধনা/ প্রকৃতিবিজ্ঞানে/
সৃজনমুখরে/
লেকচার দেন/ প্রকৃতি মুখোপাধ্যায়/ 
শিল্পের স্নিগ্ধতা ভরা চোখে/ চোখ রেখে/ পড়ছি জীবন/…
মধুর অঙ্কুরে/
একদিন আনারস হব/
অনেক চোখের পটভূমিকায়/...
ভালোবাসার উপমা/ যেনবা একটি আনারস/
শতেক
চোখের পটভূমিকা/...




জ্যা, মিতি ও সৃজন


জ্যা/ 
অনুভব করুন/ টান/ জ্যামিতি আনন্দে/ সৃজন আনন্দে/...

আপনি/
তাহাকে ভালোবাসেন/ অনুভব করেন/ টান/…
ইহা/
মহাশূন্যতার/ অপার জ্যামিতি/ অপার সৌন্দর্য্য/…
যারই আকর্ষণে/ বিকর্ষণে/ টানে/ আবর্ত্তিত/ স-ব-কি-ছু/
আপনার মূলে/ মৌলে/...
এই যে এখন/
মাটির ধরায়/ আপনা(র) বিহনে/ আমার মনে যে টান/…
সে-ও/ একই জ্যামিতি/ একই সৌন্দর্য্য/ প্রকৃতির শোভা ও সৃজন/ বিবর্ত্তনে/...

অভিবাসী মেঘ


অভিবাসী মেঘ, তুমি কোথা যাও?
জলের ডানায় উড়ে উড়ে যাও কোন্ সে দূরের গাঁয়?...
এইখানে এসো
কাজলা দিঘির জলে ভাসা
দলকলমির
পাপড়ির উপর চুপটি করে বসো...
অভিবাসী মেঘ, তুমি কোথা যাও?
এইখানে এসো
শোন, ধানক্ষেতের আড়ালে
কাঁদছে… সদ্যোজাত যিশু!
শঙ্খলা নদীটির নীড়ে, গণকবরের
সবুজ ঘাসের ফুলে ফুলে দিয়ে যাও জলজ পরশ!...
কাঁটাতারঘেরা শ্যামল সবুজে,
পৃথিবীর
গাঁয়ের আকাশে,
মনপবনের নায়ে ভেসে ভেসে যাও
কোন্ সে দূরের গাঁয়?
ভাসছি অকূলে, সপ্তাঙ্গ তত্ত্বের নায়!
অথৈ সমুদ্রে
আশার ছলনে ভাসে কৌটিল্যনগর, কীভাবে বাহিব দাঁড় উজানিয়া টানে!...

অভিবাসী মেঘ, আমাকেও নিয়ে যাও!...

কুশল


আছি/
আমি ভালো/
তবে/ একটুখানি কালো/
সোনায় যেমন/
খাদ/
বিহনে হয় না/ অলঙ্কার/
তেমনি আমিও/ একটুখানি কালো/
ভালোর অলঙ্কারে/
তুমি/ আছো গো কেমন/
জীবন/ সখা হে/
চলিলা কোনবা পথে/ আঁলিএ কাঁলিএ/
আজো/
পারিনি বুঝিতে/
সুরেলা শিসের ঝঙ্কারে/
যাও/
কী কথাটি বলে/ বাতাসের কানে কানে/
জীবন/ সখা হে/
আছি/
আমি ভালো/
তবে/ একটুখানি কালো/
শ্যামজ সুন্দরে/...

ফুলেরা পোশাক পরে না


আষাঢ়স্য বরষায়…
শাওয়ারের জলে ভেজা স্নানার্থী কদম!
প্রতিভার অলঙ্কারে
বিকশিত চেতনায়, দিয়েছে নির্জনে,
একটি কোমল অটোগ্রাফ— ফুলেরা পোশাক পরে না!...
নিরাভরণায়
জীবনমথিত প্রেমে ভিজলাম
সহজ সৌন্দর্য্যে
এক
বর্ষণমুখর সন্ধ্যায়…
মুগ্ধতার জলে ভেজা মনে…
সেই থেকে
নন্দনের কানে কানে বলি,
ফুলেরা পোশাক পরে না, সহজ লাবণ্যে ফোটে সৌন্দর্য্যের বনে...

কোরবানি



শুভ হোলি/ লোহিত খুনের উৎসব/…

পিপাসার্ত তরবারি/ করছে মিছিল/ জবাই জবাই/…
চু্‌প্/
বলিস না/ নিতে পারব না/
রক্তাক্ত ফুলের ঘ্রাণ/…
তরুণ খুনের জনপদে/ ফলছে ফসল/
সোনাঝরা/...
সমাগত কোরবানি/ কাজীর দেউড়ি থেকে পালিয়েছে/
কাহিনির গরু/ নন্দনের ষাঁড়/…

চুপ্/ চুপচাপ/ শুয়ে পড়্/ শুভ হোক কোরবানি/...
শুভ হোলি/ লোহিত খুনের উৎসব/ রক্তে নিহিত রয়েছে/ সম্ভাবনা/...